রাজবাড়ীর গোয়ালন্দে সাড়ে ৮ লাখ টাকা মূল্যের স্কাফ সিরাপ ও ফেয়ারডিলসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা যায়, র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকারে তল্লাশি চালায়। এ সময় ২ লাখ ৯৭ হাজার টাকা মূল্যের ৯৯ বোতল স্কাফ সিরাপ এবং ৫ লাখ ৬১ হাজার টাকা মূল্যের ১৮৭ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের মোট বাজারমূল্য ৮ লাখ ৫৮ হাজার টাকা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ঝিনাইদহের মহেশপুর উপজেলার বেগমপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. মিলন হোসেন খান (৩৮), একতারপুর গ্রামের মৃত হায়দার আলীর ছেলে মো. তরিকুল আহমেদ তারেক (৩৮), ভগবতীতলা গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে মো. শফিকুল ইসলাম (৪৮) এবং বরগুনার আমতলী উপজেলার মৃত দেলোয়ার হোসেন খানের ছেলে মো. জুবায়ের হোসেন জুয়েল (৩৫)।
র্যাব জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল ও প্রাইভেটকার জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে স্কাফ সিরাপ, ফেয়ারডিলসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে ফরিদপুর, রাজবাড়ীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন বলে জানা গেছে।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার মিলন হোসেন খানের বিরুদ্ধে একটি এবং তরিকুল আহমেদ তারেকের বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় উদ্ধার করা মাদকসহ গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব-১০।