অনুষ্ঠানে কালো রঙের বিশেষভাবে তৈরি স্যুটে নজর কেড়েছিলেন বলিউড অভিনেতা হৃতিক রোশান। তবে কি এবার জেমস বন্ডের ভূমিকায় দেখা যেতে পারে বলিউডের কোনো তারকাকে? সেই সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বলিপাড়ায়। আর সেই আলোচনার কেন্দ্রে রয়েছেন হৃতিক রোশান।
পর্দায় তার ব্যক্তিত্ব, স্টাইল ও অ্যাকশন দৃশ্যে সাবলীলতা— সব মিলিয়ে তাকে পরবর্তী জেমস বন্ড হিসেবে দেখতে চাইছেন সামাজিক মাধ্যমের নেটিজেনসহ ভক্ত-অনুরাগীরা। যদিও এ মুহূর্তে জেমস বন্ডের চরিত্রে হৃতিক রোশানের অভিনয় করার কোনো খবর নেই। তবু তাকে নিয়ে জল্পনা ক্রমশ জোরালো হচ্ছে।
সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে আয়োজিত ২০২৬ সালের ফিল্ম গালাতে হাজির হয়েছিলেন হৃতিক রোশান। সেখানে হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান ও ‘ডিউন’ সিনেমার পরিচালক ডেনিস ভিলনভের সঙ্গে দেখা যায় বলি অভিনেতাকে। অনুষ্ঠানে কালো রঙের বিশেষভাবে তৈরি স্যুটে নজর কেড়েছিলেন তিনি। তার সেই ছবি সামাজিক মাধ্যমে নেটিজনেদের মাঝে ছড়িয়ে পড়তেই তার ভক্ত-অনুরাগীদের একাংশের মনে প্রশ্ন— পরবর্তী জেমস বন্ড হিসেবে হৃতিক রোশানকে ভাবা যায় না কেন?