মোঃ রাইসুল ইসলাম রাজু, দর্শনা (চুয়াডাঙ্গা)
চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকারকে বদলি করা হয়েছে। তাকে রংপুরের তাজহাট কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মুখ্য প্রশিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে চুয়াডাঙ্গা জেলা বীজ প্রত্যয়ন অফিসার মো. নুরুল ইসলামকে নতুন উপ-পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিসিএস (কৃষি) ক্যাডারের কর্মকর্তাদের এ রদবদলের নির্দেশ দেওয়া হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শহীদ উল্লাহ। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
একই প্রজ্ঞাপনে রংপুরের তাজহাট কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মুখ্য পরিদর্শক মো. মাহবুবুর রহমানকে নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা পদে বদলি করা হয়েছে।
এদিকে, চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বদলিকৃত উপ-পরিচালক মাসুদুর রহমান সরকারের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিতে বৃক্ষরোপণ প্রকল্পে অনিয়মের অভিযোগে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। যশোর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে এসব তদন্ত কমিটি গঠন করা হয়।
জানা গেছে, যশোর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে ঢাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। তবে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের তদন্ত কার্যক্রম এখনো চলমান রয়েছে।
এরই মধ্যে মাসুদুর রহমান সরকারকে রংপুরের তাজহাট কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মুখ্য প্রশিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়ায় বিষয়টিকে কেউ কেউ ‘ডিমোশন পোস্টিং’ হিসেবে দেখছেন। তবে বদলির কারণ বা এ বিষয়ে কৃষি বিভাগের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।