মোঃ রাইসুল ইসলাম রাজু, দর্শনা (চুয়াডাঙ্গা)
চুয়াডাঙ্গা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৬৭ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধীন দামুড়হুদার দর্শনা, বাজিতপুর, মুন্সিপুর ও আইসিপি বিওপির টহল দল সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব অবৈধ মালামাল উদ্ধার করে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৫০ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ, ৩ বোতল ভারতীয় মদ, ৩০ গ্রাম ভারতীয় হেরোইন, ১০ হাজার ৪৪০ পিস ভারতীয় সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ১০ হাজার ৮০০ পিস ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট, ৩৪ পিস বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিকস, ২৫ পিস ভারতীয় চকলেট, ১টি ভারতীয় কম্বল এবং ১টি মোটরসাইকেল।
বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক সর্বমোট সিজার মূল্য ৬৭ লাখ ৫৩ হাজার টাকা।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় সব ধরনের অবৈধ কার্যক্রম দমনে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ সর্বোচ্চ পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।