BBC Crime News
স্টাফ রিপোর্টার: আবু হানিফ মিলন
তারিখ: ৪ সেপ্টেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা, দর্শনা
চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে ইয়ার্ডের কঠোর নিরাপত্তা বেষ্টনী ভেদ করে প্রায় ২৫ থেকে ২৭ বস্তা গম চুরির চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ভারত থেকে ওয়াগনে আসা পণ্য কাস্টম ভেরিফিকেশনের জন্য এই ইয়ার্ডে রাখা হয়। গত ৩ সেপ্টেম্বর দিবাগত রাতে (৪ সেপ্টেম্বর) আনুমানিক ১২টা থেকে ১টার মধ্যে এই ঘটনা ঘটে।
অনুসন্ধানে জানা যায়, ১০ ফুট উঁচু নির্মাণাধীন পাঁচিল ও ওপরের কাঁটা তারের বেড়া কেটে মই লাগিয়ে চোর চক্র ইয়ার্ডে প্রবেশ করে। ২৪ ঘণ্টা নিরাপত্তা বলয় ও সন্ধ্যার পর কড়াকড়ি থাকা সত্ত্বেও এমন চুরির ঘটনায় নিরাপত্তা বাহিনীর যোগসাজশ রয়েছে বলে জোরালো সন্দেহ করছেন স্থানীয়রা।
এদিকে স্থানীয়দের তৎপরতায় চুরি হওয়া গমের সূত্র ধরে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। ২৫-২৭ বস্তা গমের মধ্যে আনুমানিক ২৫ কেজি গম স্থানীয় এক ব্যক্তির কাছে বিক্রি করা হয়েছিল। এলাকাবাসী ওই ক্রেতার কাছ থেকে গমগুলো জব্দ করেন। স্থানীয়দের ধারণা, এই ক্রেতাকে জিজ্ঞাসাবাদ করলেই মূল হোতাদের মুখোশ উন্মোচন করা সম্ভব হবে।