চাঁদপুরের কচুয়ায় একটি বেসরকারি হাসপাতালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে চার পিস ইয়াবা বড়ি ও মাদক সেবনের সরঞ্জামসহ ডা. সৈয়দ আসিফ ইস্পাহানী নামের এক চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে।রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় কচুয়া সিটি হসপিটালের সামনে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া সিটি হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান চালান চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান।চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ডায়াগনস্টিক সেন্টারে ও সংশ্লিষ্ট চিকিৎসকের কক্ষে তল্লাশি চালায়। এ সময় তার রুম থেকে চার পিস ইয়াবা বড়ি ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় বলে জানিয়েছে অধিদপ্তর। পরে তাকে আটক করে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কচুয়া থানায় নিয়ে যাওয়া হয়।চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান বলেন, কচুয়া সিটি হসপিটালের ডা. সৈয়দ আসিফ ইস্পাহানি দীর্ঘদিন ধরে মাদকের সঙ্গে সম্পৃক্ত। তিনি নিজে মাদক সেবন করেন, এই তথ্যের ভিত্তিতে আজ আমরা এখানে অভিযান চালাই। অভিযানে তার বসবাসের যে রুম (প্রতিষ্ঠানের তিন তলায়) আমরা ইয়াবা সেবনের সরঞ্জামাদি এবং চার পিস ইয়াবা বড়ি উদ্ধার করি। এ ছাড়া ইয়াবা সেবনে ব্যবহৃত নানা উপকরণ আমরা জব্দ করি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।