মেহেরপুরের মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুরে কথিত অনলাইন ক্যাসিনো এজেন্ট ও মাস্টারমাইন্ড মো. মুরশিদ আলম ওরফে লিপু গাজীর বাগানবাড়িতে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১২ আগস্ট) রাত থেকে ভোর পর্যন্ত ডিবির একটি দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে লিপু গাজীসহ অন্যরা পালিয়ে গেলেও পরে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গি গোপালপুরে অভিযান চালিয়ে মো. আতিউর জ্জামান ওরফে শিশির (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে দুটি ল্যাপটপ, একটি ট্যাব, একটি মোবাইল ফোন, দুটি পেনড্রাইভ, ব্যাংকের দুটি চেকবই, বিভিন্ন ব্যাংকের ১১টি ভিসা কার্ড, একটি RedotPay কার্ড, একটি ক্যাসিনো ভিআইপি কার্ড, তিনটি মোটরসাইকেল ও নগদ ৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় মুজিবনগর থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ অনুযায়ী মামলা হয়েছে। গ্রেপ্তার শিশিরকে আদালতে পাঠানো হয়েছে।