কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় নিজ বাসার সামনে জাকিয়া সুলতানা (১৬) নামে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত স্কুলছাত্র ইমনকে গ্রেফতার করেছে কুষ্টিয়া জেলা পুলিশ।আজ রাত আনুমানিক ১টার সময় পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন তাকে গ্রেফতার করে ইবি থানাধীন পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পে রাখা হয়। অতি দ্রুত তাকে কুষ্টিয়া মডেল থানায় নিয়ে আসা হবে।ঘটনার পর থেকে অভিযুক্ত ইমন ও তার মাকে এলাকায় পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার পর থেকে তাঁদের বাড়িতে কাউকে দেখা যায়নি বলে দাবি প্রতিবেশীদের। এদিকে হামলাকারীকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। ঘটনার পর শহরে কিশোর অপরাধবিরোধী অভিযান চালিয়ে ২৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।আহত জাকিয়া সুলতানা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার জাকারিয়ার মেয়ে। সে কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ও আসন্ন এসএসসি পরীক্ষার্থী। তার বাবা একটি বেসরকারি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। এ কারণে পরিবারটি কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুরে বিদ্যালয়ের ক্লাস শেষে বাড়ি ফেরে জাকিয়া। বাসার গেট খোলার অপেক্ষায় প্রবেশপথে দাঁড়িয়ে থাকার সময় পেছন দিক থেকে কালো শার্ট পরা এক যুবক এসে তাকে ছুরিকাঘাত করেন। জাকিয়ার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত ছুরিটি ফেলে দ্রুত পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।
জাকিয়ার মা সুমি আক্তারের অভিযোগ, ইমন দীর্ঘদিন ধরে তাঁর মেয়েকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন। বিষয়টি ইমনের অভিভাবকদের জানানোর পর কিছুদিন বিরক্ত করা বন্ধ থাকলেও সোমবার তাঁর মেয়ের ওপর হামলা চালানো হয়। সুমি আক্তারের দাবি, হত্যার উদ্দেশ্যেই ইমন ছুরি দিয়ে আঘাত করেছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
জানা গেছে, কোচিংয়ে পড়ার সময় থেকেই জাকিয়াকে উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে ইমনের বিরুদ্ধে। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্তের বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পেছনে কী কারণ ছিল, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।