ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ছয়টি পরিবহনকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় আটটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
রোববার
(৮ নভেম্বর) ফরিদপুর সদর উপজেলার মুন্সিবাজার সংলগ্ন খন্দকার নুরুমিয়া বাইপাস সড়কে ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্ব প্রকল্প’-এর আওতায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ছয়টি মামলায় ছয়টি পরিবহনকে মোট ৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফরিদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো এবং মোছা. জান্নাতুল সুলতানা। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. জিহাদ হোসেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন জেলা পুলিশের সদস্যরা।
পরিবেশ সুরক্ষা ও শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর।