ফরিদপুরে প্রেমিকের সাথে দেখা করার উদ্দেশ্যে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার হয় এক তরুণী। এমন ঘটনার প্রায় ৮ মাস পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়লে আটজন যুবককে শনাক্ত করে আটক করে পুলিশ। এ ঘটনায় জড়িত ৮ যুবককে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেককে ২ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। আজ সোমবার (০৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আলোচিত এই গণধর্ষণ মামলার রায় ঘোষণা করেন বিচারক শামীমা পারভীন। এ সময় প্রত্যেক আসামী আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁদের পুলিশ পাহারায় কারাগারে নিয়ে যাওয়া হয়। তাঁরা হলেন- শাহীন শেখ (২৬), জয় শেখ (২৫), রহিম মোল্লা (২৫), মনির শেখ (৩০), হৃদয় খা (২৫), ইলিয়াস শিকদার (৪০), মোস্তাক শেখ (৩১) ও রিয়াজ শিকদারকে (২৫)। তাঁরা জেলা সদরের ডিক্রিরচর ইউনিয়নের পালডাঙ্গী ও ভূয়ারডাঙ্গী গ্রামের বাসিন্দা। আদালত সুত্রে জানা যায়, ফেসবুকের মাধ্যমে ফরিদপুরের নগরকান্দা উপজেলার এক তরুণের সাথে পরিচয় হয় ওই তরুণীর। এক পর্যায়ে গত ২০১৯ সালের ২৫ ডিসেম্বর প্রেমিকের সাথে দেখা করার জন্য ফরিদপুরে আসেন ওই তরুণী এবং প্রেমিকের কথা অনুযায়ী শহরতলীর ধলার মোড়ে অপেক্ষা করতে থাকেন। তখন প্রেমিকের আসতে দেরি হওয়ায় নৌকায় নদী পার হয়ে পালডাঙ্গী কাশবনে একাই ঘুরতে যায়৷ এ সময় অজ্ঞাত যুবকেরা তাকে একা পেয়ে কাশবনের নির্জন জায়গা নিয়ে পালাক্রমে ধর্ষণ করে এবং সেই দৃশ্য ধর্ষ*কদের একজন ভিডিও ধারণ করে রাখে।
এ ঘটনার পর ওই তরুণীর প্রেমিকের এক বন্ধু ছুটে গেলে তাকে বিধ্বস্ত অবস্থায় দেখতে পায়। এক পর্যায়ে প্রেমিকের সাথে দেখা না করেই দ্রুত পালিয়ে চলে যায় তরুণী। এরপর ঘটনাটি ধামাচাপা পড়ে যায়।
এরমধ্যে ২০২০ সালের আগস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে ২৩ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় ভিডিওটি ফরিদপুরের বলে শনাক্ত করে পুলিশ। এরপর ওই বছরের ৬ আগস্ট শাহিন শেখকে প্রথমে শনাক্ত করে আটক করে ফরিদপুর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাঁর স্বীকারোক্তিতে জড়িত আরও ৬ জনকে আটক করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী তরুণীকে শনাক্ত করতে না পেরে ডিবি পুলিশের তৎকালীন উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন বাদী হয়ে কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন ও পর্ণোগ্রাফী আইনে মামলা দায়ের করেন। পরবর্তীতে তদন্তকালে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ।
এ মামলায় তদন্তকারী কর্মকর্তা হিসেবে তদন্ত করেন জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আইয়ুব আলী। তিনি ২০২১ সালের ৩০ জানুয়ারি আদালতে ৮ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর আদালতে দীর্ঘদিন স্বাক্ষ্য গ্রহণ ও শুনানির মাধ্যমে ৮ জনকে দোষী সাব্যস্ত করে এ রায় প্রদান করা হয়।