মোঃ রাইসুল ইসলাম রাজু, দর্শনা চুয়াডাঙ্গা।
চুয়াডাঙ্গার সদর উপজেলার উক্তো গ্রামে পারিবারিক কলহের জেরে সজীব (১৮) নামের এক যুবক কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন। বুধবার (৭ অক্টোবর) সকাল ৮ টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পৌঁছানোর আগেই পথের মধ্যে তার মৃত্যু হয়। নিহত সজীব চুয়াডাঙ্গা সদর উপজেলার উক্তো গ্রামে হাবলুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সজীব দীর্ঘদিন ধরে তীব্র পারিবারিক অশান্তিতে ভুগছিলেন। এরই একপর্যায়ে বুধবার ভোরে পরিবারের অজান্তে তিনি বিষাক্ত কীটনাশক পান করেন। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়। পরিবারের সদস্যরা সজীবকে নিয়ে পাখি ভ্যানযোগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। তবে দুর্ভাগ্যবশত, হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে
শেষনিঃশ্বাস ত্যাগ করেন। স্থানীয়দের প্রাথমিক ধারণা, পারিবারিক মনমালিন্য ও দীর্ঘদিনের অভ্যন্তরীণ কলহের জের ধরেই তিনি এই চরম পথ বেছে নিয়েছেন। তরুণের এই অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, পারিবারিক কলহের জেরে সজীব নামের এক কিশোরী নিজ বাসায় বিষাক্ত কীটনাশক পান করে আত্মহত্যা করেন। নিহত সজীবের মরদেহটি চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তে শেষে ঘটনার সত্যতা যাচাই ও পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।