›
ড্রাগ হাউজে তল্লাশি, ডেস্ক ক্যালেন্ডারে ২৫ পিস ইয়াবা
চুয়াডাঙ্গায় মোহাম্মদ ড্রাগ হাউজে তল্লাশি, ডেস্ক ক্যালেন্ডারে ২৫ পিস ইয়াবা ‘পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার’ দাবি দোকান মালিকের, তদন্ত করছে পুলিশ
স্টাফ রিপোর্ট চুয়াডাঙ্গা শহরের কবরী রোড সংলগ্ন মোহাম্মদ ড্রাগ হাউজে অভিযান চালিয়ে ডেস্ক ক্যালেন্ডারের ভেতর থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। দোকানের স্বত্বাধিকারী মোঃ আব্দুর রাজ্জাক দাবি করেছেন, তিনি পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার। বিষয়টি তদন্ত করছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় দোকানের কাঠের ডেস্কের ওপর রাখা একটি মিনি ক্যালেন্ডারের ভেতরে টিস্যু ও কাগজে মোড়ানো অবস্থায় ২৫ পিস ইয়াবা পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করা হয়। দোকান মালিক মোঃ আব্দুর রাজ্জাক (৫৬), পিতা মৃত কলম আলি বিশ্বাস, চুয়াডাঙ্গার ডিজিটাল মোড়, কাউন্সিলপাড়া এলাকার বাসিন্দা। তিনি বলেন, ‘আমি কখনো সিগারেট-বিড়ি পর্যন্ত খাই না। মাদকের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। নামাজ শেষ করে এসে দেখি, দোকানে পুলিশ উপস্থিত। ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির মালিকানা নিয়ে মামলা চলমান থাকায় অন্য পক্ষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে বলে মনে করছি।’ চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিমেল রানা জানান, ক্যালেন্ডারের ভেতর থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। অন্য কেউ তাঁকে ফাঁসানোর চেষ্টা করে থাকতে পারে বলেও পুলিশের মনে হচ্ছে। উদ্ধার হওয়া মাদকের প্রকৃত তথ্য উদ্ঘাটনে দোকান মালিককে পুলিশি নজরদারিতে রাখা হয়েছে। তদন্তে কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, অভিযানের সময় উপস্থিত স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর একাংশ দাবি করেন, তাঁদের জানা মতে, আব্দুর রাজ্জাক মাদক ব্যবসার সঙ্গে জড়িত নন। তবে ইয়াবা উদ্ধারের ঘটনায় দোকান মালিকের সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।