ফরিদপুরে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ও অবৈধভাবে ওষুধ তৈরি ও সংরক্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে (৪০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয় তাকে। পরে তাকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।দণ্ডপ্রাপ্ত মো. বায়েজিদ হোসেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হাবিবুর রহমানের ছেলে। বর্তমানে তিনি ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় বসবাস করেন। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক।
স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার(২৩ সেপ্টেম্বর) রাতে ঘটনাটি জানাজানি হয়। এর আগে, মঙ্গলবার বিকেলে ফরিদপুর শহরের গোয়ালচামট মোল্লাবাড়ি সড়ক এলাকায় শাহেদের মালিকানাধীন মেসার্স জনতা ল্যাবরেটরিজ নামের একটি কারখানায় অভিযান চালায় জেলা প্রশাসন। ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো অভিযানে নেতৃত্ব দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের সেপ্টেম্বরে ড্রাগ লাইসেন্স, ট্রেড লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যায়। লাইসেন্স নবায়ন না করে বায়েজিদ হোসেন শাহেদ অনুমোদন ছাড়াই ওই কারখানা পরিচালনা করে আসছিলেন। অভিযানের সময় কারখানাটিতে শিশুদের জন্য বেবি জেল, প্রাপ্ত-বয়স্কদের বিভিন্ন ধরনের যৌন উত্তেজক ওষুধসহ বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক ওষুধ তৈরি ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ সময় বিপুল পরিমাণ অবৈধ ওষুধ উদ্ধার করা হয়।