কুষ্টিয়া শহরের বারখাদা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে সরকারপাড়া স্পোর্টিং ক্লাব আয়োজিত এ সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। সোহেল সরকার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে কয়া কুমারখালী ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে রোজা রাইডারস। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে একমাত্র গোলটি করে টুর্নামেন্টের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে দলটি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুর রহমান সুমন সরকার, সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক খন্দকার মোমিনুল ইসলাম কাজিম, ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ, কুষ্টিয়া জেলা তাঁতী দলের দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম মনির এবং কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মেহেদি হাসান সুজন।
সরকারপাড়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্ট ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে আগ্রহ দেখা গেছে।
এসময় আরিফুর রহমান সুমন সরকার বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের ফুটবল টুর্নামেন্ট তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে সহায়তা করে। সরকারপাড়া স্পোর্টিং ক্লাবের এমন সুন্দর আয়োজনকে আমি সাধুবাদ জানাই। রোজা রাইডারসকে ফাইনালে ওঠার জন্য অভিনন্দন জানাচ্ছি। আশা করি, ফাইনাল ম্যাচটিও উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। খেলাধুলার এমন আয়োজন অব্যাহত থাকুক এটাই প্রত্যাশা।