ইবি প্রতিনিধি:
কুষ্টিয়া দুই যুগ ধরে বন্ধ তিন গ্রামের একমাত্র প্রাথমিক বিদ্যালয়, বঞ্চিত শিশুরা,সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবে কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ও উজানগ্রাম ইউনিয়নের সহ অন্তত চারটি গ্রামের কোমলমতি শিশুরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে। আলামপুরের রাজাপুর ও উজানগ্রামের গজনবীপুরসহ তিনটি গ্রামে কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই। অন্যদিকে, খয়েরপুর গ্রামে একটি বিদ্যালয় থাকলেও সেটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে।
ফলে ছোট শিশুদের বাধ্য হয়ে দূরের বিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করতে হচ্ছে। যাতায়াতের কষ্ট ও আর্থিক সংকটের কারণে অনেক অভিভাবক সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠাতে পারছেন না। দ্রুত খয়েরপুরের বন্ধ বিদ্যালয়টি চালু এবং বিদ্যালয়বিহীন গ্রামগুলোতে নতুন বিদ্যালয় স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নূর ইসলাম জানান, বিদ্যালয়বিহীন গ্রামগুলোর তালিকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে। তালিকায় উল্লিখিত গ্রামগুলোর নামও রয়েছে এবং সরকার পর্যায়ক্রমে সেখানে বিদ্যালয় নির্মাণের উদ্যোগ নেবে।