আবু হানিফ মিলন, স্টাফ রিপোর্টার :চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১ লাখ টাকা মূল্যের ৬টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ৫৪৭.৫১ গ্রাম।
বিজিবি জানায়, বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচার হতে পারে—এমন গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল মুন্সিপুর সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করে। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তি সীমান্ত অভিমুখে যাওয়ার সময় বিজিবি সদস্যরা তাকে গতিরোধ করেন। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার শরীর থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
অভিযান শেষে বিজিবির পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা জেলা ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলছে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবির এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে।
(সূত্রে :BBC crime news)