পাবনার ঈশ্বরদী উপজেলায় দুই পক্ষের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের গুলিবিদ্ধ সহ অন্ততঃ ৭-৮ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনার জেরে জামায়াতে ইসলামীর বেশ কয়েকটি বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৫টা এবং রাতে উপজেলার সাড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে৷
আহতরা হলেন- উপজেলার পূর্ব টেংরী এলাকার রিপন খা’র ছেলে মিজান খা, শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত হোসেন, ঈদগাহ রোড এলাকার পিরু হোসেনের ছেলে রিশাদ হোসেন, শেখপাড়া এলাকার বাবলু হোসেনের ছেলে রবিউল ও মহিদুল ইসলাম। বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি।
আহতদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ আছেন। তাদের প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু এবং নদীপথের আলোচিত ব্যক্তি কাঁকন বাহিনীর সঙ্গে বিরোধ চলে আসছিল। এছাড়াও জাকারিয়া পিন্টুর সমর্থকদের মধ্যে স্থানীয় জামায়াতে ইসলামীর লোকজনের সঙ্গেও বিরোধ চলে আসছিল। ত্রিমুখী দ্বন্দ্বের জেরে আজ সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এঘটনায় কয়েকজন গুলিবিদ্ধ হয়ে অন্তত ৭-৮ জন আহত হয়েছেন। সন্ধ্যায় সংঘর্ষের জেরে রাতে ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
জাকারিয়া পিন্টুর সমর্থকদের দাবি- আজ সন্ধ্যায় তারা ওই এলাকায় আওয়ামীলীগ বিরোধী একটি বিক্ষোভ মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছি। এসময় কাকন বাহিনীর লোকজন এবং স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা তাদের ওপর এলোপাথাড়ি গুলি বর্ষণ করে। এতে তাদের বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন।
তবে স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা জানান, জাকারিয়া পিন্টুর সমর্থকরা পূর্ব পরিকল্পিতভাবে এসে এই এলাকার লোকজনের ওপর হামলা ও গুলি চালিয়েছে। পরে তারা আবারও ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাক সহ জামায়াতের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ করেছে।
এবিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, ঘটনার পর পরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখনও কেউ অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে সাপেক্ষে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।