গাইবান্ধা সদর উপজেলার সবুজপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশ। এ ঘটনায় সাথী বেগম (৩১) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সবুজপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় কথিত মাদক ব্যবসায়ী প্লাবন মিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে বিছানার তোষকের নিচ থেকে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে প্লাবন মিয়া পালিয়ে যান।
পরে রাত ১০টা ৪৫ মিনিটে গাইবান্ধা সদর থানার সামনে থেকে সাথী বেগমকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, প্লাবন মিয়ার বিরুদ্ধে সদর থানায় ১৫টি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। পলাতক প্লাবন মিয়াকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।