মোঃ রাইসুল ইসলাম রাজু, দর্শনা (চুয়াডাঙ্গা):
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতাল পরিদর্শনে যান। এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগ ও গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং রোগীদের কাছ থেকেও চিকিৎসাসেবা ও বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়ে সরাসরি জানতে চান। পাশাপাশি হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, রোগীদের সেবার পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনা নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার, সার্জারি কনসালটেন্ট ডা. এহসানূল হক তন্ময়, চুয়াডাঙ্গা জেলা ও সদর উপজেলা জামায়াতের নেতাকর্মীসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
পরিদর্শনকালে এমপি মাসুদ পারভেজ রাসেল বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ যেন কাঙ্ক্ষিত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পান, তা নিশ্চিত করতে হবে। হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সার্বিক ব্যবস্থাপনায় নিয়মিত নজরদারি অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।