বগুড়ায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ এর সিপিএসসি বগুড়া ক্যাম্পের পৃথক দুটি অভিযানে ৩৭ পিস ট্যাপেন্টাডল ও ৯৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়েছে।
র্যাব-১২ সূত্রে জানা যায়, শনিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে বগুড়ার কাহালু থানার কালাই কর্নিপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. মিলন প্রামাণিক (৪৫)কে ৩৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। এ সময় তার কাছ থেকে তিনটি পুরোনো বাটন মোবাইল, একটি সিম ও নগদ ১ হাজার ৪৩০ টাকা জব্দ করা হয়।
এরপর একই রাতে রাত ১১টা ৫ মিনিটের দিকে বগুড়া সদর থানার হাড্ডিপট্টি বাসস্ট্যান্ড এলাকায় পৃথক অভিযান চালিয়ে মোছা. আশামনি বেগম (২০) ও মো. উজ্জল প্রামাণিক (২৪)কে ৯৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। তাদের কাছ থেকে একটি পুরোনো বাটন মোবাইল, দুটি সিম ও নগদ ২ হাজার ১২০ টাকা জব্দ করা হয়।
র্যাব জানায়, আটক তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ তাদের যথাক্রমে কাহালু ও বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২ আরও জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।