ফরিদপুরের সদরপুরে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে ঢুকে এম এ মোস্তাফিজুর রহমান (৪৫) নামের এক স্কুলশিক্ষককে গুলি করার অভিযোগ উঠেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের জাকেরডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।
আহত মোস্তাফিজুর রহমানকে ওই দিন রাতেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। চিকিৎসার ‘ইনজুরি নোট’ অনুযায়ী, তাঁর ডান পায়ে গুলির ক্ষত রয়েছে। এতে হাঁটুর নিচের অংশের দুটি হাড় ভেঙে গেছে। এ ছাড়া ডান কাঁধের হাড়ের স্থানচ্যুতি, বুকে আঘাতের দাগ এবং ডান হাতে ফোলা ও ব্যথার কথা উল্লেখ করা হয়েছে।
মোস্তাফিজুর রহমান জাকেরডাঙ্গী গ্রামের সফিউদ্দীন রহমানের ছেলে। তিনি সদরপুর উপজেলার আকটেরচর ইউনিয়নের শোনপাচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
ভুক্তভোগীর পরিবারের দাবি, বুধবার স্কুল শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পর বিকেল ৫টার দিকে হেলমেট পরা ১৪-১৫ জন যুবক মোটরসাইকেলে করে তাঁদের বাড়িতে ঢোকেন। তাঁদের কয়েকজনের হাতে হকিস্টিক, রামদা, চাপাতি ও কাঠের লাঠি ছিল। একজনের হাতে আগ্নেয়াস্ত্রও ছিল। তারা বাড়িতে ঢুকেই মোস্তাফিজুরের ডান পায়ে গুলি করে। পরে বাড়ির বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে হামলাকারীরা চলে যান।