কুষ্টিয়ায় মাদকবিরোধী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে, পৌর ২০নং ওয়ার্ডে মাদক নির্মূল কমিটি এ সভার আয়োজন করেন। গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুমারগাড়া এলাকায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আঞ্চলিক কার্যালয় প্রাঙ্গনে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ফয়সাল মাহমুদ। প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ।বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার আলোচনা সভায় মাদকবিরোধী কার্যক্রম জোরদার, তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখা এবং মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এটি একটি পরিবার ও পুরো সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিতভাবে কাজ করছে। তবে শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়; এ ক্ষেত্রে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। তিনি আরো বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ জনগণের পাশে রয়েছে এবং এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।