তামিলনাড়ুর রাজনীতিতে অভিষেকের পর এবার পশ্চিমবঙ্গেও সাংগঠনিকভাবে যাত্রা শুরু করল তামিল অভিনেতা থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাঘম (টিভিকে)। পূর্ব বর্ধমানের ফাগুপুরে দলের প্রথম কার্যালয় খুলেছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) পূর্ব বর্ধমানের ফাগুপুরে টিভিকে-এর পশ্চিমবঙ্গের প্রথম দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের পশ্চিমবঙ্গের রাজ্যের কো-অর্ডিনেটর চৈতালি রায়সহ বিভিন্ন জেলার দলীয় নেতৃত্ব।দলীয় নেতৃত্ব জানিয়েছে, আপাতত ভোটের রাজনীতির চেয়ে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছানোই তাদের মূল লক্ষ্য। তবে, ভবিষ্যতে পশ্চিমবঙ্গে নির্বাচনে লড়ার ইচ্ছাও রয়েছে দলটির।তামিলনাড়ু থেকে নির্দেশ অনুযায়ী, পশ্চিমবঙ্গেও সংগঠন বিস্তারের শুরুতে সামাজিক কর্মকাণ্ডকে গুরুত্ব দেওয়া হচ্ছে। মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে বিভিন্ন সামাজিক কর্মসূচি নেওয়া হবে বলে জানিয়েছেন দলীয় নেতারা।ফাগুপুরে কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে পূর্ব বর্ধমানে টিভিকে-এর সাংগঠনিক কার্যক্রম শুরু হলো বলে জানিয়েছেন দলীয় নেতারা। আগামী দিনে জেলার বিভিন্ন এলাকায় সংগঠন বিস্তারের পাশাপাশি সামাজিক কর্মসূচি চালানোর পরিকল্পনাও রয়েছে তাদের।
টিভিকে-এর রাজ্যের কো-অর্ডিনেটর চৈতালি রায় বলেন, ‘প্রথমে আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারমূলক কাজ চালাব। পরে মানুষের কাছে আরও বেশি করে পৌঁছালে তাদের সুবিধা-অসুবিধা ও সমস্যার কথা শুনব। শিক্ষা ও চাকরিকে আমরা অগ্রাধিকার দেব।’