নেত্রকোনার খালিয়াজুড়ী উপজেলা কার্যালয়ে আগুন লেগে চেয়ার, টেবিল ও আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে। তবে সরকারি গুরুত্বপূর্ণ নথিপত্র ও সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা যায়নি। বুধবার (২৫ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে এ আগুন লাগে।
আগুন দেখতে পেয়ে আশপাশের মানুষ ছুটে আসেন এবং ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে কার্যালয়ে আগুন জ্বলতে দেখে আশপাশের বাসিন্দারা উপজেলা কার্যালয়ের পুকুর থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
খালিয়াজুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, ভোরে আগুনের খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।