কুষ্টিয়া,বুধবার ১১ নভেম্বর:
কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় বড় ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে কয়েক ঘণ্টার ব্যবধানে মারা গেছেন অসুস্থ বাবা। মঙ্গলবার সন্ধ্যায় ছেলের মৃত্যুর পর একই দিন রাত ১১টার দিকে মারা যান বাবা।
বুধবার (১১ নভেম্বর) সকালে স্থানীয় গোরস্তানে বাবা ও ছেলেকে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে। হৃদয়বিদারক এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
মারা যাওয়া দুজন হলেন-চৌড়হাস ফুলতলা এলাকার আবদুল মান্নান (৫৯) ও তাঁর বড় ছেলে মাহফুজুর রহমান (২৭)।
স্বজন ও স্থানীয়রা জানিয়েছে, আবদুল মান্নান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। কয়েক বছর ধরে তিনি শয্যাশায়ী। তাঁর চার ছেলে-মেয়ে। বড় ছেলে মাহফুজুর শহরের একটি ছাপাখানায় কাজ করতেন। প্রায় আট মাস আগে বিয়ে করেন তিনি। বাবার সঙ্গে একই বাড়িতে বসবাস করতেন মাহফুজুর। বাবার অসুস্থতা ও পারিবারিক নানা বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে দুশ্চিন্তায় ছিলেন তিনি।
মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে ছাপাখানায় কাজ করার সময় বাড়ি থেকে ফোন করে মাহফুজুরকে জানানো হয়, তাঁর বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। বাবার অসুস্থতার খবর শোনার পরপরই তিনি নিজেও অসুস্থ হয়ে পড়েন। পরে সহকর্মীরা দ্রুত তাঁকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মাহফুজুরের সহকর্মী শিপন ইসলাম বলেন, মঙ্গলবার বিকেলে মাহফুজুর অফিসের চেয়ারে বসে ছিলেন। এ সময় বাবার অসুস্থতার খবর ফোনে পাওয়ার পর তিনি চেয়ারের একদিকে হেলে পড়েন। পরে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে রাত সাড়ে আটটার দিকে তাঁর মরদেহ বাড়িতে নেওয়া হয়।
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক রুমন রহমানের ধারণা, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মাহফুজুরের মৃত্যু হয়ে থাকতে পারে।
এদিকে ছেলের মরদেহ বাড়িতে পৌঁছানোর খবর জানার পর অসুস্থ বাবা আবদুল মান্নানের শারীরিক অবস্থার আরও অবনতি হয়। একপর্যায়ে মঙ্গলবার রাত ১১টার দিকে নিজ বিছানায় তাঁর মৃত্যু হয়।
মাহফুজুরের মামাতো ভাই ফিরোজ আহমেদ বলেন, ছেলের মৃত্যুর খবর শোনার পর আবদুল মান্নানের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। পরে রাত ১১টার দিকে তিনি মারা যান।
কুষ্টিয়া পৌরসভার চৌড়হাস ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইফুল হক বলেন, মাহফুজুর ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। একই দিনে বাবা ও ছেলের এমন মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাবা-ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। বুধবার সকালে তাঁদের পাশাপাশি কবরে দাফন করা হয়।