চুয়াডাঙ্গার দর্শনা বাজার মাঠ সংলগ্ন এলাকায় মাদক সেবনে বাধা দেওয়ায় এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে মাদকসেবীরা। আজ সোমবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই এলাকায় সন্ধ্যার পর থেকেই নিয়মিত মাদকের আসর বসে। আজ বিকালে এক ব্যক্তি এই অন্যায়ের প্রতিবাদ করলে ৪-৫ জন মাদকসেবী ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা ধারালো অস্ত্র দিয়ে ওই ব্যক্তিকে এলোপাতাড়ি কোপায় এবং লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করে থানায় নিয়ে যায়। আহত ব্যক্তিকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (চিতলী) পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।