মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৪ অক্টোবর) ভোরে উপজেলার বিপুলবাড়িয়া গ্রামের একটি বাঁশবাগান থেকে তাঁদের আটক করা হয়।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্রে জানা গেছে, শনিবার ভোর ৫টা ২০ মিনিটের দিকে কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল পরিচালনা করা হয়। এ সময় সীমান্ত পিলার ৬১/১৮-আর থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিপুলবাড়িয়া গ্রামের রুহুলের বাঁশবাগান থেকে অবৈধভাবে বাংলাদেশ ছেড়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে দুজনকে আটক করা হয়।
কুসুমপুর বিওপির নায়েব সুবেদার মো. ভূঁইয়া ইকবাল হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন খুলনা সদর থানার রূপসার চর গ্রামের আদম আলী শেখের ছেলে রফিকুল ইসলাম শেখ (৪৫) এবং বাগেরহাটের মোড়েলগঞ্জ থানার খালকুলা গ্রামের মো. শাহ আলম খানের ছেলে বাসার খান (১৯)।
বিজিবি জানায়, আটক দুজনকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপার প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।