ফরিদপুরের নগরকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেছে জননী পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এ ঘটনায় অন্তত ১৫ থেকে ২০ জন যাত্রী আহত হয়েছেন।
সোমবার (২ নভেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া এলাকায় ভাঙ্গাগামী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর থেকে ভাঙ্গাগামী জননী পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৩-২০৮৮) বাসটি ভবুকদিয়া নির্মাণাধীন ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় বাসে থাকা অন্তত ১৫ থেকে ২০ জন যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রীদের উদ্ধার করেন। পরে তাঁদের ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
এ ঘটনায় আহতদের শারীরিক অবস্থা ও দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।