ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ()

মিজানুর রহমান আজহারীর তাফসিরুল কোরআন মাহফিল থেকে ৬৫ নারী আটক

Oplus_131072

রাজশাহীতে জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীর তাফসিরুল কোরআন মাহফিল থেকে ৬৫ নারীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তারা মাহফিলে আসা মুসল্লিদের পকেট কাটার প্রস্তুতি নিচ্ছিলেন।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে এশিয়া পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও উপপুলিশ কমিশনার (ডিসি) গাজিউর রহমান।

তিনি বলেন, আটক নারীরা দেশের বিভিন্ন স্থান থেকে মাইক্রোবাসে করে রাজশাহীতে এসেছিলেন। তাদের উদ্দেশ্য ছিল, মাহফিল শুরু হওয়ার পর মুসল্লিদের মোবাইল ফোন, মানিব্যাগসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র পকেট কেটে নিয়ে যাওয়া। তবে আটক নারীদের নাম-পরিচয় ও ঠিকানা এখন পর্যন্ত প্রকাশ করেনি পুলিশ।

আয়োজক ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওলামা-মাশায়েখ পরিষদ, রাজশাহীর উদ্যোগে নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) মাহফিলের কার্যক্রম শুরু হয়। এতে প্রধান আলোচক হিসেবে তাফসির পেশ করবেন মিজানুর রহমান আজহারি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর। মাহফিলে সভাপতিত্ব করছেন চিকিৎসক ও সমাজসেবক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর।

আয়োজকদের প্রত্যাশা, মাহফিলে কয়েক লাখ ধর্মপ্রাণ মানুষের সমাগম হবে। বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি বিবেচনায় নিয়ে মাঠজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নারী ও পুরুষের জন্য রাখা হয়েছে পৃথক বসার ব্যবস্থা। নারীদের জন্য পাশের শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বসে এলইডি স্ক্রিনের মাধ্যমে মাহফিল উপভোগের ব্যবস্থা করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর