স্টাফ রিপোর্টার : BBC crime news,:আবু হানিফ মিলন,
চুয়াডাঙ্গার দর্শনায় পুলিশ হেফাজত থেকে আসামি ছিনিয়ে নেওয়া, পুলিশকে আহত করা এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় মূল পলাতক আসামিসহ মোট ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। দর্শনা থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর রাতে দর্শনা থানার এসআই মোল্ল্যা আরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশ দল চণ্ডীপুর পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা অবনতির চেষ্টার অভিযোগে মো. আবু সিদ্দীক (৭০) নামের এক ব্যক্তিকে আটক করে। থানায় নেওয়ার পথে সংঘবদ্ধ একটি চক্র পুলিশের ওপর হামলা চালিয়ে আবু সিদ্দীককে ছিনিয়ে নেয় এবং দুই পুলিশ সদস্যকে আহত করে। এ সময় পুলিশের একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তাৎক্ষণিকভাবে ৮ জনকে গ্রেফতার করে এবং পরবর্তীতে ১ অক্টোবর চুয়াডাঙ্গা সদর বাসস্ট্যান্ড এলাকা থেকে মূল পলাতক আসামি আবু সিদ্দীককেও গ্রেফতার করে।
এ ঘটনায় জড়িত ৯ আসামির সবার বাড়ি দর্শনা থানার চণ্ডীপুর পূর্বপাড়া এলাকায়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।