কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ মেহেরপুরের গাংনী সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৮ লাখ ৮১ হাজার ২৪৫ টাকা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল প্রায় ৩টা ৫০ মিনিটে শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা শেওড়াতলা পুকুরপাড় স্থানে কাজিপুর বিওপির একটি চৌকস বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯৫ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩৮ হাজার টাকা।
একই দিন রাত সাড়ে ৯টার দিকে রংমহল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার রংমহল স্থানে পরিচালিত অপর এক অভিযানে ২ হাজার ৮০০ পিস ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৫৯ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। এই চালানের আনুমানিক মূল্য ৮ লাখ ৪৩ হাজার ২৪৫ টাকা।
উদ্ধারকৃত মাদক ও চোরাচালান পণ্যসহ সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে মেহেরপুরের গাংনী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষার স্বার্থে ও যেকোনো ধরনের অবৈধ মালামাল পারাপার রোধে বিজিবির এই বিশেষ অভিযান ও কঠোর নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।