ঢাকা, মঙ্গলবার, ২ জুন, ২০২৬ ()

হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজারের দিঘিতে কুমিরে নিয়ে যাওয়া বাচ্চার মরদেহ উদ্ধার

Oplus_131072

বাগেরহাটের ঐতিহাসিক হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার সংলগ্ন দিঘি থেকে নিখোঁজ হওয়ার আট ঘণ্টা পর ফাতেমা (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (২ জুন) ভোর ৪টার দিকে দিঘির পানি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে, গতকাল সোমবার (১ জুন) রাত সাড়ে ৮টার দিকে মাজারের মহিলা ঘাটে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও মাজার কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শিশু ফাতেমা ও তার মা বেশ কয়েকদিন ধরে মাজার এলাকায় অবস্থান করছিলেন। সোমবার রাতে শিশুটি দিঘির ঘাটের কাছাকাছি গেলে আকস্মিকভাবে একটি কুমির তাকে পানিতে টেনে নিয়ে যায়।

ঘটনার পরপরই সেখানে উপস্থিত দর্শনার্থী ও স্থানীয় বাসিন্দারা নৌকা নিয়ে দিঘিতে নেমে শিশুটিকে উদ্ধারের তাৎক্ষণিক চেষ্টা চালান। খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে তল্লাশি অভিযানে অংশ নেয়। দীর্ঘ আট ঘণ্টার অভিযানের পর আজ ভোরে দিঘি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে বর্তমানে মাজার চত্বরে রাখা হয়েছে। এই আকস্মিক ও হৃদয়বিদারক ঘটনায় মাজার এলাকায় অবস্থানরত পুণ্যার্থী এবং স্থানীয়দের মাঝে গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঐতিহাসিক এই দিঘিতে কুমিরের উপস্থিতি দীর্ঘদিনের হলেও, এমন আকস্মিক হামলার ঘটনায় দিঘির ঘাটগুলোর নিরাপত্তা ব্যবস্থা এবং দর্শনার্থীদের সচেতনতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। মাজার কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে দিঘি এলাকায় নিরাপত্তা নজরদারি বৃদ্ধির আশ্বাস দিয়েছে।


     এই বিভাগের আরো খবর