ঢাকা, মঙ্গলবার, ৯ জুন, ২০২৬ ()

যশোরে মাদকবিরোধী অভিযানে ২,১০৫ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক দুই অভিযানে মোট ২,১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

প্রথম অভিযানে সোমবার (৮ জুন) দুপুর ১২টার দিকে মণিরামপুর উপজেলার বাসুদেবপুর বাজার সংলগ্ন আমতলা মোড়ে অভিযান চালিয়ে হামিদা খাতুন (৪২) নামে এক নারীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ২,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে মণিরামপুর থানায় মামলা দায়ের করেছেন।

একই দিন বিকেল ৫টার দিকে যশোর-খুলনা মহাসড়কের রাজারহাট এলাকায় পৃথক অভিযানে তৌফিক রহমান (২৯) নামে আরেক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে উপ-পরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে।


     এই বিভাগের আরো খবর