মেহেরপুরের গাংনী উপজেলায় নিজ পিতা মনির উদ্দিনকে গলা কেটে হত্যার দায়ে ছেলে সিফাত ফকিরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বিকেলে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গোলাম কবির এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ২৩ এপ্রিল রাতে গাংনীর কল্যাণপুর কালিতলা পাড়া গ্রামে নিজ বাড়ির বারান্দায় ঘুমন্ত অবস্থায় মনির উদ্দিনকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী রোকেয়া বেগম গাংনী থানায় হত্যা মামলা দায়ের করেন।
তদন্তে নিহতের ছেলে সিফাত ফকিরের সম্পৃক্ততার প্রমাণ মেলে। গ্রেপ্তারের পর তিনি আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করেন। তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দাখিল করলে বিচারিক কার্যক্রমে ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন পিপি নজরুল ইসলাম এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী এ কে এম শফিকুল আলম।