মো: সৈকত হাসান, নিজস্ব প্রতিনিধি
ফরিদপুরের স্বাস্থ্যসেবা খাতে নতুন প্রত্যাশার বার্তা নিয়ে ফরিদপুর জেনারেল হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য নায়াব ইউসুফ আহমেদ।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। ১৫ জুন ২০২৬ তারিখে জারিকৃত স্মারকে নির্দেশক্রমে তাকে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন প্রদান করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ফরিদপুর জেনারেল হাসপাতালের সুষ্ঠু পরিচালনা, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আনয়নের লক্ষ্যে এ মনোনয়ন দেওয়া হয়েছে।
স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত আদেশের অনুলিপি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তর, ফরিদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
স্থানীয় স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের মতে, সংসদ সদস্য নায়াব ইউসুফ আহমেদের নেতৃত্বে হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, চিকিৎসাসেবার মান বৃদ্ধি এবং সার্বিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে। ফলে জেলার সাধারণ মানুষ আরও উন্নত ও কার্যকর স্বাস্থ্যসেবা পাবেন বলে আশা করা হচ্ছে।
এদিকে সরকারের এ সিদ্ধান্তকে ফরিদপুরের স্বাস্থ্যখাত উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল। হাসপাতালের সেবার মান বৃদ্ধির পাশাপাশি প্রশাসনিক দক্ষতা ও জবাবদিহিতা আরও শক্তিশালী হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেছেন।