ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২ জুন) ভোর রাত পৌনে ৪টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগামী একটি প্রাইভেটকার ধাক্কা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে প্রাইভেটকারটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর রাতে ভাঙ্গামুখী একটি যাত্রীবাহী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় প্রাইভেটকারের ভেতরের চালক ও যাত্রীসহ ছয়জন গুরুতর আহত ও আটকা পড়েন।
খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে। পরে তাদের আশঙ্কাজনক অবস্থায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাইভেটকারের চালকসহ পাঁচজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
দুর্ঘটনায় প্রাণহানির তথ্য নিশ্চিত করে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, “নিহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আহত অপর এক যাত্রীর চিকিৎসা চলছে।”
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রাক ও দুমড়েমুচড়ে যাওয়া প্রাইভেটকারটি বর্তমানে হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনার পর এক্সপ্রেসওয়েতে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।