ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৮ জন।
শুক্রবার (২৯ মে) ভোরে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার হোসেন (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়। তিনি পেশায় কৃষক এবং হরিণাকুন্ডুর হরিশপুর গ্রামের খয়বার মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (২৮ মে) ঈদের দিন বিকেলে হরিণাকুন্ডুর হরিশপুর গ্রামের বরইতলা মাঠে মোটরসাইকেলের হর্ন বাজানো নিয়ে পার্শ্ববর্তী পাখিমারা গ্রামের লাল্টুর সঙ্গে হরিশপুর গ্রামের শুভ হোসেনের বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে বিষয়টি নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে হরিশপুর গ্রামের দেলোয়ার হোসেন, আবু তালেব এবং পাখিমারা গ্রামের মশা ফকির, মাহবুব, বাদশাসহ অন্তত ৮ জন আহত হন।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে দেলোয়ার হোসেনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে এবং আবু তালেবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে শুক্রবার ভোরে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার হোসেন মারা যান।
হরিণাকুন্ডু থানার ওসি অসিত কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।