ঝিনাইদহের কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে মামার লাঠির আঘাতে গুরুতর আহত ভাগ্নে আবু বক্কর (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত আবু বক্কর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শিশেরকুন্ডু গ্রামের আলী আকবরের ছেলে। স্থানীয়রা জানান, শিশেরকুন্ডু গ্রামের আবু বক্করের সঙ্গে তার মামা সিরু মিয়ার জমি নিয়ে আগে থেকেই বিরোধ ছিল। গত মঙ্গলবার রাতে বিরোধপূর্ণ ওই জমির বাঁশ কাটা নিয়ে মামা ও ভাগ্নের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মামা সিরু মিয়া ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে আবু বক্করের মাথায় সজোরে আঘাত করেন। এতে আবু বক্কর গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করেন। পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ বিষয়ে কোটচাঁদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনসারুল্লাহ হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’