মোঃ রাইসুল ইসলাম রাজু
দর্শনা, চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে জীবননগর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— লক্ষ্মীপুর গ্রামের আলার ছেলে বাবু (৩৫), একই গ্রামের ফকির চাঁদের ছেলে কামরুজ্জামান (৩৮), লালটুর ছেলে ফন্না (৩০) এবং জীবননগর পৌর এলাকার ইসলামপুর মহল্লার সিদ্দিক ভূঁইয়ার ছেলে আব্দুর রহিম (৬০)।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার রুহুল কবীর খান-এর নির্দেশনায় জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল পৃথক স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
জীবননগর থানার ওসি সোলায়মান শেখ জানান, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বুধবার সকাল ১১টার দিকে তাদের চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের দাবি, অপরাধ দমন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।