ঢাকা, সোমবার, ৮ জুন, ২০২৬ ()

চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন শরীফুজ্জামান শরীফ

Oplus_131072


চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ জেলা পরিষদের চতুর্থ  প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। জেলা পরিষদের প্রশাসকের অতিরিক্ত দায়িত্বে থাকা জেলা প্রশাসক লুৎফুন নাহার গতকাল রবিবার  সকাল সাড়ে ১০টায় লিখিতভাবে এই দায়িত্বভার হস্তান্তর করেন। দায়িত্ব হস্তান্তরকালে জেলা প্রশাসক  লুৎফুন নাহার  জেলা পরিষদের ২ কোটি ৯১ লাখ টাকার তহবিল নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক  মো. শরীফুজ্জামানকে বুঝিয়ে দেন।
দায়িত্ব হস্তান্তরের সময় জেলা প্রশাসক লুৎফুন নাহার নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসককে যথাযথ নিয়ম মেনে দায়িত্ব পালনের মাধ্যমে চুয়াডাঙ্গার ইতিবাচক উন্নয়নের  প্রত্যাশা ব্যক্ত করেন।
জানা গেছে, জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২৬-এর ধারা-৩ দ্বারা জেলা পরিষদ আইন, ২০০০-এ সংযোজিত ধারা ৮২ক(১) অনুযায়ী গত ৪ জুন মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপসচিব খন্দকার ফরহাদ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে মোঃ শরিফুজ্জামান শরীফকে চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
নবনিযুক্ত প্রশাসক গতকাল রবিবার সকাল ১০টার দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জেলা পরিষদ কার্যালয়ে উপস্থিত হলে জেলা পরিষদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার আনুষ্ঠানিকভাবে তার কাছে জেলা পরিষদের প্রশাসনিক দায়িত্ব হস্তান্তর করেন। দায়িত্ব গ্রহণের পর শরিফুজ্জামান শরীফ বলেন, জেলা পরিষদকে একটি জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
মো. শরীফুজ্জামানকে জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব দেওয়ায়  বিএনপির স্থানীয় নেতাকর্মীরা  প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের ভাষ্য মো. শরীফুজ্জামান দলের দীর্ঘদিনের পরীক্ষিত ও ত্যাগী নেতা।সাংগঠনিক দায়িত্ব পালনকালে দলকে সুসংগঠিত করতে ইতিবাচক ভূমিকা রেখেছে। তার নেতৃত্বে জেলা পরিষদের মাধ্যমে চুয়াডাঙ্গার ইতিবাচক উন্নয়ন ঘটবে।
এ সময় আরোও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শারমিন আক্তার, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মনজু , চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম পিটু, খালিদ মাহমুদ মিল্টন, পৌর বিএনপির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম মনি, জেলা জাসাস এর সভাপতি সহিদুল হক বিশ্বাস,  সাধারণ সম্পাদক মোঃ সেলিমুল হাবীব সেলিম, জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা, জেলা কৃষক দলের আহবায়ক মোকাররম হোসেন, জেলা ওলামা দলের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ সাইফুর রশিদ ঝন্টু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আখতার হোসেন জোয়ার্দার, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা পারভীন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মতিউর রহমান মিশর, আলমডাঙ্গা উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল হাসান, সদর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক এম এ হাসান, পৌর যুবদলের সদস্য সচিব আজিজুল হক, পৌর ছাত্রদলের আহবায়ক কৌশিক আহমেদ রানা, সদস্য সচিব মাজেদুল আলম মেহেদীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


     এই বিভাগের আরো খবর