চুয়াডাঙ্গা ও দর্শনা স্টেশনে রাজশাহীগামী ট্রেনের টিকিট এখন সাধারণ যাত্রীদের জন্য সোনার হরিণ। সরজমিনে ঘুরে ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, কাউন্টারে টিকিট না মিললেও সিন্ডিকেটের কাছে তা সহজলভ্য। বিশেষ করে চিকিৎসার প্রয়োজনে রাজশাহীগামী মুমূর্ষু রোগীদের এই অসহায়ত্বের সুযোগ নিচ্ছে কালোবাজারি চক্র। ৫০০ টাকার টিকিট তারা ২৫০০ টাকা পর্যন্ত চড়া দামে বিক্রি করছে। বাধ্য হয়েই চিকিৎসার জন্য রোগীরা এই বাড়তি মূল্য দিতে বাধ্য হচ্ছেন। ভুক্তভোগীদের অভিযোগ, দিনের পর দিন এই হয়রানি চললেও প্রতিকার নেই। চুয়াডাঙ্গা ও দর্শনা স্টেশনে এই সিন্ডিকেট চক্র নির্মূলে দ্রুত কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ জরুরি।