চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে মাদকসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চুয়াডাঙ্গা সূত্রে জানা যায়, গত ২৮ জুন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর ও জীবননগর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন, ৬টি টাপেন্টাডল ট্যাবলেট ও ৪টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং ৬ জনকে আটক করা হয়।
পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আশিস মোমতাজ ও মো. আশরাফুল আলম রাসেল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গ্রেফতারকৃতদের অপরাধের ধরন অনুযায়ী ৩ মাস থেকে ১ বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে প্রত্যেকের বিরুদ্ধে অর্থদণ্ডও আরোপ করা হয়।