খুলনার লবণচরা থানার ইসলামপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি, একটি খালি কার্তুজ ও একটি ম্যাগাজিনসহ দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বেলা ১১টা ৫০ মিনিটের দিকে র্যাব-৬-এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- লবণচরা থানার আমতলা এলাকার শাহজাহানের ছেলে নাজিম ওরফে নাদিম (৩০) এবং ইসলামপাড়া এলাকার আব্দুর রহমান মিয়াজির ছেলে মো. মাসুদ রানা (৩৭)।
র্যাব-৬-এর মিডিয়া সেল জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে। যার ধারাবাহিকতায় লবণচরার ইসলামপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করা হয়।
র্যাবের দাবি, তারা দুজন চিহ্নিত সন্ত্রাসী। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তল্লাশির একপর্যায়ে গ্রেপ্তার নাজিমের বসতঘর থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি, একটি খালি কার্তুজ এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় এসব আলামত জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার দু’জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা শেষে উদ্ধার হওয়া অস্ত্র ও গুলিসহ তাদের লবণচরা থানায় হস্তান্তর করা হবে।