কুমিল্লার বুড়িচং উপজেলায় মাদক ব্যবসার টাকা ও আধিপত্য বিস্তারের জেরে এনামুল হক শিশির ওরফে মাহী (৩০) নামে এক হিজড়াকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। এই নৃশংস হত্যাকাণ্ডের প্রধান পরিকল্পনাকারী ও ১ নম্বর আসামি জহিরুল ইসলাম ওরফে আপন ওরফে জহির হিজড়াকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। একই সঙ্গে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দোলা হিজরা নামে আরও একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার (১৮ মে) সকালে কুমিল্লায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব-১১, সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র এএসপি মিঠুন কুমার কুন্ডু এই গ্রেফতারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ ও র্যাব-৬ যৌথ অভিযান চালিয়ে সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী ভোমরা এলাকা থেকে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে প্রধান আসামি জহির হিজড়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।
নিহত এনামুল হক শিশির ওরফে মাহী হিজরা কুমিল্লার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের পূর্ণমতি গ্রামের কামরুল হক ফরহাদের সন্তান। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকায় হিজড়াদের একটি চক্রের মধ্যে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও লভ্যাংশ বণ্টন নিয়ে অভ্যন্তরীণ বিরোধ চলছিল। এরই জেরে গত কয়েকদিন আগে মাহী হিজড়ার শরীরে পেট্রোল ঢেলে নির্মমভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জহির হিজড়া মাদক ব্যবসার অভ্যন্তরীণ কোন্দলের জেরে মাহী হিজড়াকে পুড়িয়ে হত্যা করার কথা স্বীকার করেছেন। সীমান্তবর্তী জেলা সাতক্ষীরা থেকে তাকে গ্রেফতারের পর কুমিল্লায় এনে বুড়িচং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার অপর আসামি দোলা হিজড়াকেও পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই বর্বরোচিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনতে পুলিশ ও র্যাবের একাধিক টিম মাঠে কাজ করছে।