ঢাকা, সোমবার, ৮ জুন, ২০২৬ ()

ঈশ্বরদীর লক্ষীকুন্ডা ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

Oplus_131072

পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়ন-এর ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য রিমার বিরুদ্ধে বিভিন্ন সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।

স্থানীয় একাধিক বাসিন্দার অভিযোগ, চরকুড়ুলিয়া গ্রামের বাসিন্দা ও আল্লেক প্রামানিকের স্ত্রী রিমা বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন সরকারি ভাতা ও অনুদানের কার্ড করে দেওয়ার ক্ষেত্রে সুবিধাভোগীদের কাছ থেকে অর্থ দাবি করেন। অভিযোগকারীদের দাবি, টাকা না দিলে অনেক ক্ষেত্রে আবেদন প্রক্রিয়ায় সহযোগিতা করা হয় না বা সুবিধা পেতে বিলম্ব হয়।

স্থানীয়দের ভাষ্য, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রান্তিক ও অসহায় মানুষের জন্য প্রদত্ত বিভিন্ন ভাতা ও সহায়তা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়ার কথা থাকলেও কিছু ক্ষেত্রে অনিয়মের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগ দীর্ঘদিন ধরে চলে আসছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

তবে এসব অভিযোগের বিষয়ে সংরক্ষিত মহিলা সদস্য রিমার বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, সরকারি ভাতা বা সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা পেতে কোনো ধরনের অর্থ লেনদেনের সুযোগ নেই। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, সরকার পরিচালিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন সহায়তা কর্মসূচি সুবিধাভোগীদের কাছে স্বচ্ছ ও জবাবদিহিতার মাধ্যমে পৌঁছে দেওয়ার নির্দেশনা রয়েছে। তাই এ ধরনের অভিযোগের সুষ্ঠু তদন্ত ও সত্যতা যাচাইকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।


     এই বিভাগের আরো খবর