ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ()

মোরগ পোলাও খাইয়ে ২০০০ ভরি সোনা লুট

Oplus_131072

রাজধানীর ধানমন্ডিতে নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করার পর একটি সোনার দোকান থেকে প্রায় দুই হাজার ভরি স্বর্ণালংকার লু/টের অভিযোগ উঠেছে। এ সময় দোকান থেকে ১০ থেকে ১২ লাখ টাকা নগদও নিয়ে যায় দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে ধানমন্ডি ৬/এ এলাকার আনাম র‍্যাংস প্লাজার পূরবী জুয়েলার্সে এ চুরির ঘটনা ঘটে।

জুয়েলার্সের বিক্রেতা জোবায়ের আহমেদ জানান, গভীর রাতে শপিং মলের নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করা হয়। এরপর দোকান থেকে স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষের দাবি, দোকান থেকে আনুমানিক দুই হাজার ভরি স্বর্ণালংকার এবং ১০ থেকে ১২ লাখ টাকা লুট হয়েছে।

এ ঘটনায় নিরাপত্তাকর্মীদের সম্পৃক্ততার সন্দেহ করছে পুলিশ। ধানমন্ডি থানার এক কর্মকর্তা জানান, নিরাপত্তাকর্মীদের অচেতন করে তাদেরই কয়েকজন এ চুরির সঙ্গে জড়িত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। শপিং মলের দুজন নিরাপত্তাকর্মী পলাতক রয়েছেন। এ ছাড়া বাকি চারজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। পূরবী জুয়েলার্সের জ্যেষ্ঠ বিক্রয়কর্মী সঞ্জীব শীল জানান, ঘটনার পর থেকে তিনজন নিরাপত্তাকর্মী নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে জুয়েলার্সের নিজস্ব একজন এবং শপিং মলের দুজন নিরাপত্তাকর্মী রয়েছেন।


     এই বিভাগের আরো খবর