রংপুর নগরীতে নিয়ন্ত্রণ হারিয়ে বালুবোঝাই একটি চলন্ত ডাম্পট্রাক সড়কের পাশে একটি বাড়ির ঘরের ওপর উল্টে পড়ে এক ঘুমন্ত শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত শিশুর গর্ভবতী মা।
শুক্রবার (১৩ নভেম্বর) ভোরের দিকে রংপুর নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের পশ্চিম খাসবাগ চারমাথা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু সিনথিয়া ওই গ্রামের পিন্টু মিয়ার প্রথম কন্যাসন্তান। সে তৃতীয় শ্রেণিতে পড়ত। ঘটনার পর ডাম্পট্রাকের চালক ও তার সহযোগীকে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বালুবোঝাই একটি ডাম্পট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি ঘরের ওপর উল্টে পড়ে। এতে ঘরটি ভেঙে যায় এবং ঘুমন্ত অবস্থায় বাড়ির ভেতরে থাকা তৃতীয় শ্রেণির ওই ছাত্রী ও তার মা আশা মনি চাপা পড়েন। এ সময় ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় গর্ভবতী মা আশা মনিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে উত্তেজিত এলাকাবাসী ডাম্প ট্রাকের চালক ও হেলপারকে আটক করে পুলিশের কাছে তুলে দেয়।