আবু হানিফ মিলন, স্টাফ রিপোর্ট :চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে ভেসে যাওয়া পাঁচ বছর বয়সী আরওয়া মাহমুদ নামের এক শিশুকে জীবিত উদ্ধার করেছে স্থানীয়রা। আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শহরের পুলিশ পার্ক সংলগ্ন নদী থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত শিশু আরওয়া চুয়াডাঙ্গা পৌর শহরের পলাশপাড়ার মাহমুদ হাসানের মেয়ে এবং পুলিশ পার্ক লেনের এআর মালিক ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা ফারহানা বিথীর সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নদীর তীরে ঝোপঝাড় পরিষ্কারের সময় স্রোতে শিশুটিকে ভেসে যেতে দেখেন স্থানীয় কয়েকজন। তাৎক্ষণিকভাবে নদীতে নেমে তারা শিশুটিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। শিশুটির মা জানান, বিদ্যালয়ে ক্লাস নেওয়ার সময় চঞ্চল স্বভাবের শিশুটি কখন স্কুল থেকে বের হয়ে নদীর পাড়ে গেছে, তা তিনি বুঝতে পারেননি।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন জানান, হাসপাতালে আনার পর শিশুটির হৃদস্পন্দন পাওয়া যায় এবং দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে সে শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে এবং তার শারীরিক অবস্থা সম্পূর্ণ শঙ্কামুক্ত।
(সূত্রে :BBC crime news)