কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর গ্রামের মেয়ে জুঁই আক্তার। জাতীয় পর্যায়ে সাঁতারে অসাধারণ সাফল্য অর্জন করে এলাকায় ফিরেছেন তিনি। তাঁর এই অর্জনে গর্বিত আমলা-সদরপুরবাসী। তাঁকে সংবর্ধনা দিয়েছে এলাকাবাসী ও আমলা সদরপুর ক্রীড়া উন্নয়ন সমিতি।
ম্যাক্স গ্রুপ ৩৫তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর হয়ে অংশ নিয়ে ১০টি স্বর্ণপদকসহ ১২টি পদক অর্জন করেন জুই আক্তার। প্রতিযোগিতায় সর্বোচ্চ স্বর্ণপদক জয়ের স্বীকৃতিস্বরূপ পুরস্কার হিসেবে পেয়েছেন একটি ই-বাইক। এর আগে তিনি আমলা সাগরখালী সুইমিং ক্লাবে, সাঁতার ও ক্রীড়া চর্চা শুরু করেন। পরবর্তীতে আরো উন্নত প্রশিক্ষণের জন্য বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে প্রশিক্ষণ নিয়ে নিজের দক্ষতা ও প্রতিভার বিকাশ ঘটান। বর্তমানে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
জুইয়ের এই অর্জনে আনন্দ ও গর্ব ছড়িয়ে পড়েছে তাঁর নিজ এলাকা সদরপুরসহ আমলা ও মিরপুরজুড়ে। তাঁর সাফল্যকে সম্মান জানাতে আমলা-সদরপুরবাসী এবং আমলা সদরপুর ক্রীড়া উন্নয়ন সমিতির পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পর্যায়ের সাবেক সাইক্লিং চ্যাম্পিয়ন মো. মোশাররফ হোসেন মুশা, আমলা সদরপুর ক্রীড়া উন্নয়ন সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম, সমিতির সদস্য মো.জানারুল ইসলাম ও মো. মনিরুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. আসাদুল হক মিলটন, সুফি আল আসাদ বিপ্লব, রকি বিশ্বাস, শিক্ষক মোঃ শিক্ষক ওবায়দুল্লাহ পিন্টু ও তৌফিকুর রহমান তৌহিদ ,সাংবাদিক মামুনুল ইসলাম ঝন্টু, সাজ্জাদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সংবর্ধনা অনুষ্ঠানে নিজের অনুভূতি প্রকাশ করে জুঁই আক্তার বলেন, এলাকার মানুষের এমন ভালোবাসা ও সম্মান পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত ও অনুপ্রাণিত। ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে আরও ভালো ফলাফল অর্জন এবং জাতীয় পর্যায়ে নতুন নতুন রেকর্ড গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সদরপুরের এই কৃতী সাঁতারুকে নিয়ে এলাকাবাসীর প্রত্যাশা, জুই আক্তার আগামী দিনে আরও বেশি ক্রীড়ানৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের নতুন দিগন্ত উন্মোচন করবেন। তাঁর অর্জনের ধারাবাহিকতা দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের তরুণ সাঁতারুদের অনুপ্রেরণা জোগাবে।