কুষ্টিয়ার মিরপুর উপজেলার ১ নম্বর ওয়ার্ড সুলতানপুর মহল্লায় অবৈধ নকল সার তৈরির কারখানা ও গুদামে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজ শাহীন খসরু’র নেতৃত্বে এই সফল অভিযান পরিচালিত হয়।অভিযানকালে গুডাউনটি থেকে নকল সার তৈরির ১৮টি বিভিন্ন আইটেমের সরঞ্জাম, তৈরির প্রয়োজনীয় উপকরণ এবং মালামাল বহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।পাশাপাশি, পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের সুবিধার্থে ওই গুডাউন থেকে বিভিন্ন কেমিক্যাল ও উৎপাদিত পণ্যের নমুনা (স্যাম্পল) সংগ্রহ করেন কৃষি কর্মকর্তারা। সংগৃহীত পণ্যের গুণগত মান, ওজনসহ সার্বিক বিষয় খতিয়ে দেখা হচ্ছে। সেই সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও কোম্পানির কাগজপত্র এবং লাইসেন্স যাচাই-বাছাইয়ের কাজ চলছে।অভিযান পরিচালনাকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।